Showing posts with label Sketch. Show all posts
Showing posts with label Sketch. Show all posts

Thursday, December 31, 2020

স্কেচ : দুই

যারা আজ আসেনি এলোমেলো বিকেলের আড্ডায় ওরা সবাই কোথায় গেছে তুমি কি জানো?


"ওরা কেউ ফুল তুলতে গেছে বাগানে। কেউ গেছে টাকার খোঁজে আর কেউ নিরুদ্দেশে।"


তুমি গেলে না?


"পথগুলো খুব অচেনা মনে হলো। মনে হলো হারিয়ে যাবো। আর বাড়ি ফিরতে পারবো না"


তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি?


"আছে একটা। নদীর ধারে। তোমরা দেখতে পাবে না।"


কে আছে তোমার বাড়ি?


"আমার সবচেয়ে পুরোনো বন্ধুরা। তোমরা চিনবে না।"


তবে চিনিয়ে দিলেই পারো


"আচ্ছা। সময় আসুক, পরিচয় করিয়ে দেবো একদিন। এখন আসি।"


এখন কোথায় যাচ্ছো?


"নদীর ধারে। কিছু বুনো ফুল, পাতা আর ঘাস লাগাবো বাড়িটার চারদিকে। আকাশেও নীল রংটা একটু বাড়াতে হবে আর তুলি দিয়ে কিছু সাদা মেঘ আঁকবো। নদীর জলে একটা ডিঙ্গি। মাঝিটা গাইতে পারলে ভালো হয়।"


আমাদেরও নিয়ে চলো


"আজ নয়। পরে একদিন। সময় হলে তোমরা নিজেরাই চিনে চিনে চলে এসো।"




স্কেচ : এক

মেয়ে তুমি চাও কোন রং বলো তো?


"আমি ওই নীল চাই 

সবুজ গোলাপি হলুদও চাই

বিমর্ষ ছাই চাই

সাদা চাই

কালো ভীষণ একাকী কালোও চাই"


মেয়ে তুমি কোথায় যাবে ঠিক করেছো?


"যেখানে ঝুম বৃষ্টি নামে আর মাটি খুব নরম

যেখানে সূর্যের খুব তেজ

যেখানে পাহাড়গুলো নীল মনে হয়

যেখানে গাছেরা মানুষের মতো কথা বলে"


মেয়ে তুমি স্নান করো ঠিকঠাক?


"হুম করি

যখন জোছনা নামে কিংবা বৃষ্টি হয়

জানো তো আমার জন‍্য অপেক্ষায় থাকে সমুদ্র"


গান জানো? নাচ জানো? 


"আমি গান বাঁধি মনে মনে

আর গাই আত্মাদের কানে কানে

ঘুরে ঘুরে নাচি তার আর তালের যাদুতে

তখন একদম পা ফেলিনা মাটিতে"


মেয়ে তুমি স্বপ্নে কি দেখো?


একটা ছোট আলো সুড়ঙ্গের শেষে

আর দেখি পড়ছি অনেক উঁচু কোনো আকাশ থেকে


ঘুমাও তুমি? খাবার খাও?


"আমি ঘুমিয়ে পড়ি যখন যেখানে ইচ্ছে হয়

আর যখন খিদে পায় খাবার ঠিক পেয়ে যাই"


আর কি ভালোবাসো তুমি মেয়ে?


"একটা করুন সুর ভালোবাসি

আবছা মনে পড়ে আবার পড়ে না

ওই সুরে আছে অপূর্ব সত‍্য"


মেয়ে তুমি খুব বোকা না কি?


"আমি বোকা সেজে থাকি

আর একেবারে বোকাই হয়ে যেতে চাই

বোকা হলে ঠিক জানি মনে পড়বে সুরটা"





English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...